জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। সেখানে উপস্থিত তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
পরে বেলা ১১টা ৪০ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে তিনি পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। সকাল ১১টা ৪৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লেখেন, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে গর্বিত ও ধন্য মনে করছেন। তিনি উল্লেখ করেন, বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দেশপ্রেমের বিনিময়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধকে তিনি বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।