সাভারে প্রতীতি শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সাভারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রতীতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাগরণ’ সংগীত প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতীতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ মারুফ হোসেনের গর্বিত পিতা শাহজান খানের আবেগঘন উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা জেলার সভাপতি লুৎফর রহমান মোল্লা। তিনি বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে সুস্থ সংস্কৃতির বিকাশে তরুণদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) ও ঢাকা উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক তানবীর আহমেদ শিবলী। তিনি বলেন, “সুস্থ ধারার সংস্কৃতি আমাদের প্রত্যেকের মধ্যে ধারণ করে সমাজে অপসংস্কৃতির মোকাবিলা করতে হবে। সংস্কৃতি শুধু গান, নাটক ও অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি অনেক সুদূরপ্রসারী।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতীতি শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আলমগীর হোসেন রাকিব। তিনি বলেন, “জুলাই জাগরণ শিশুদের জন্য অনুপ্রেরণা। কারণ ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদদের মধ্যে অনেক শিশুও ছিল। শিশুদের তাজা রক্তের বিনিময়েই ২০২৪ সালের বিপ্লব সংগঠিত হয়েছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতীতি শিল্পীগোষ্ঠীর অন্যতম উপদেষ্টা ও সাংস্কৃতিক সম্পাদক আসিফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতীতির সহকারী পরিচালক শাহরুখ হোসেন তন্ময়। সংগঠনের দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খল পরিবেশে ‘জুলাই জাগরণ’ সংগীত প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।