ধামরাইয়ে শহীদ আফিকুল ইসলাম সা'দ স্মরণে জামায়াতের স্মরণসভা
ঢাকার ধামরাইয়ে জুলাই আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সূচনা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ আন্দোলন সফল হয়েছে এবং জাতি এ ইতিহাস কখনো ভুলবে না।
তিনি বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। গুম, হত্যা, দুর্নীতির বিচার, দুদকের স্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, জনগণের মতামতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে এবং আহতদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে। দেশের প্রয়োজনে আবারও রাজপথে থাকার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন। তিনি শহীদ আফিকুল ইসলাম সাদের আত্মত্যাগ ও আদর্শের কথা তুলে ধরেন।
ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন বলেন, শহীদ সাদ অত্যন্ত অমায়িক, বিনয়ী ও ধর্মপরায়ণ ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং সবার সঙ্গে সুন্দর আচরণ করতেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কাজী আব্দুল রউফ। তিনি বলেন, শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জনগণের প্রত্যাশা রয়েছে। তিনি সরকারের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় বিষয়েও মন্তব্য করেন এবং বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাদের বাবা শফিকুল ইসলাম। ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নাজড়িত কণ্ঠে সাদের জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিম। সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে স্মরণসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভা জামায়াতের আমির সামছুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার মানবসম্পদ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিই/এসএইচ