রাজনীতির মাঠের পর এবার ফুটবল মাঠে জামায়াত, ৫-০ গোলে সাদা দলের জয়
৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে লাল দলকে ৫-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে সাদা দল।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আশুলিয়ার গাজিরচট এলাকার গাজিরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ ম্যাচে দুটি দলে ভাগ হয়ে খেলেন নেতাকর্মীরা। আশুলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন, ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় সাদা দল। অন্যদিকে পাথালিয়া, ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় লাল দল।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। তবে ম্যাচে আধিপত্য ধরে রেখে একের পর এক গোল করে সাদা দল। শেষ পর্যন্ত লাল দলের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলে নেয় সাদা দল।
আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হোসেন মীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার ও মিডিয়া বিভাগের রফিকুল ইসলাম, আশুলিয়া থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফাইজুল ইসলামসহ সাভার-আশুলিয়ার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, গণঅভ্যুত্থানের শহীদ ও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের স্মরণে আয়োজিত এ কর্মসূচির পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
বিই/এসএইচ