সাভারে নেশাকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যা, আটক ছেলে
ঢাকার সাভারে নেশাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক দুধ বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ১৫ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার ভোররাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মহিন মিয়া (৩৮)। তিনি পেশায় দুধ বিক্রি করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নেশা করা নিয়ে ভোররাতে মহিন মিয়ার সঙ্গে তার ছেলে জিসানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জিসান তার বাবাকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মহিন মিয়ার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একই দিনে সাভারের অন্য একটি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মরদেহও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।