কক্সবাজারের "টুপটুপ" রিসোর্টে অগ্নিকাণ্ডে সাভারের এক স্কুল শিক্ষিকার মৃত্যু।
কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাভারের নাসরিন আক্তার মুক্তা (২৯) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষিকা নাসরিন আক্তারের স্বামী দেওয়ান ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।
১৭ই অক্টোবর (শনিবার) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি সাভারের নিরিবিলি এলাকায় "স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুল" এ শিক্ষকতা করতেন।
নিহত শিক্ষিকার স্বামী দেওয়ান ফয়সাল বলেন, গত বৃহস্পতিবার আমার স্ত্রী নাসরিন তার ছোটবেলার বান্ধবীদের সাথে কক্সবাজারে ঘুরতে যান । তারা একসাথে লেখাপড়া করেছে। রবিবার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেলো। আমি আমার স্ত্রীর লাশ সংগ্রহের জন্য কক্সবাজার রওনা হয়েছি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন,নাসরিন আক্তার আমাদের স্কুলের গণিতের শিক্ষক ছিলেন। তার মতো গুণী শিক্ষিকা এভাবে চলে যাবেন কোনদিন কল্পনাও করিনি। এমন একজন শিক্ষিকার মৃত্যুতে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী শোকাহত।