সাভারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের "যুব র্যালি" অনুষ্ঠিত
ঢাকার সাভারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে " যুব র্যালির" আয়োজন করেছে ঢাকা জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ।
সোমবার (১১ আগস্ট) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে থেকে র্যালি পূ্র্ব সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। র্যালিটি সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সেক্রেটারিয়েট সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন,বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো দেশের যুবসমাজ। যুবকদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা, দক্ষতা ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল কাদের বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই যুবসমাজকে আদর্শ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমীর,মাওলানা দেলোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক যুবক র্যালিতে অংশগ্রহণ করেন।