ঢাকা জেলা জামায়াতের মিডিয়া ব্যর্থতার সমালোচনা করলেন শিবির নেতা
ঢাকা জেলা জামায়াতে ইসলামীকে মিডিয়া ও দক্ষ সাংবাদিক তৈরিতে ব্যর্থতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন ঢাকা জেলার শিবির নেতা দীল মোহাম্মদ রানা।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৫ আগস্টের পর ঢাকা জেলা জামায়াত একটি শক্তিশালী মিডিয়া হাউস, নিউজ পোর্টাল কিংবা জনমত তৈরির মতো ফেসবুক পেজ গড়ে তুলতে পারেনি। একই সঙ্গে দক্ষ সাংবাদিক তৈরির ক্ষেত্রেও সংগঠনটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে দীল মোহাম্মদ রানার আরো লেখেন, সংগঠনটি বিপ্লব ঘটানোর কথা বললেও সাংবাদিকতা ও গণমাধ্যমের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, অর্থ ব্যয় করে মেধাভিত্তিক ও আন্তর্জাতিক মানের কার্যক্রম পরিচালনার পরিবর্তে সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিরা পরামর্শ ও সহযোগিতা গ্রহণে আগ্রহ হারাচ্ছেন। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে গণমাধ্যমের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সংগঠনটির মিডিয়া কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে তাদের আরও সীমাবদ্ধতার মুখে পড়তে হতে পারে।
তার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
প্রতিক্রিয়ায় আলমগীর হোসেন আল আজমী লিখেন,একটা পেজ চালায় তার কোনো কোয়ালিটি নাই।
ছবি,ভিডিও,ক্যাপশনের কোনো কোয়ালিটি নাই।
আরেক ব্যবহারকারী, মহিউদ্দিন সাকিব ক্ষোভ প্রকাশ করে লিখেন,এইসব বললে মাথা মোটা দায়িত্বশীলরা দুইটা হাদিস বলে আপনাকে চুপ করায় দিবে, ঢাকা জেলা জামাতের রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার অভাব আছে।
এছাড়াও কয়েকজন এই পোস্টের সমালোচনা করেছেন।